বার্তা সংস্থা আবনা : ইরানের তেল মন্ত্রণালয়ের মুখপাত্র আলি রেজা নিকজাদ রাহবার বলেছেন, তার দেশ তেল বিক্রির ক্ষেত্রে কোনো সমস্যা মোকাবেলা করছে না। তিনি জানান, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইউরোপীয় ইউনিয়নের একতরফা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান কোনো সমস্যার মুখে পড়েনি।
আলি রেজা নিকজাদ বলেন, "পারস্য উপসাগর এলাকায় আমাদের এক এক ব্যারেল অপরিশোধিত তেলও ক্রেতার অভাবে পড়ে নেই।" এ ছাড়া, কোনো জমানো তেল ইরানের ট্যাঙ্কারে নেই বলেও উল্লেখ করেন তিনি।
ইরানি এ কর্মকর্তা আরো জানান, দেশের তেল রপ্তানি স্বাভাবিক আছে। আন্তর্জাতিক বাধা সত্ত্বেও ইরান তার তেলের বাজার ঠিক রাখতে সক্ষম হয়েছে।
ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন গত মাসে বলেছে, মার্কিন নেতৃত্বাধীন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই তারা চলতি বছর ইরান থেকে তেল কেনার মাত্রা ঠিক রাখবে। আলিরেজা নিকজাদ জানান, তেল বিক্রির ক্ষেত্রে চীনের সঙ্গে দীর্ঘ মেয়াদি চুক্তি সই করেছে তেহরান।
এ বিষয়ে চীনা রাষ্ট্রীয় তেল কোম্পানি ঝুহাই ঝেনরং কর্পোরেশনের কর্মকর্তারা বলেছেন, ২০১৩ সালে চীন ইরান থেকে প্রতিদিন গড়ে দু' লাখ ২৩ হাজার ব্যারেল অপরিশোধিত তেল কিনবে। এ ছাড়া, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় চীন প্রকাশ্যে আমেরিকার সমালোচনা করে আসছে।#রেডিও তেহরান