১৬ জানুয়ারি ২০১৩ - ০৮:৩২

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লব বার্ষিকীতে নতুন ধরনের ট্যাঙ্ক উদ্বোধন করা হবে।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিপ্লব বার্ষিকীতে নতুন ধরনের ট্যাঙ্ক উদ্বোধন করা হবে। এ খবর দিয়েছেন ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদস্তান।

তিনি জানান, আগামী দু'সপ্তাহের মধ্যে এ ট্যাঙ্কের উদ্বোধন করা হবে। আগামী ১১ ফেব্রুয়ারি ইরানের ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকী। মরহুম ইমাম খোমেনির নেতৃত্বে ১৯৭৯ সালের এই দিনে ইরানের ইসলামি বিপ্লব বিজয় লাভ করে।

নতুন ট্যাঙ্ক সম্পর্কে জেনারেল পুরদস্তান বলেন, "এর ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং স্টাবিলাইজারে উন্নয়ন ঘটানো হয়েছে।" তিনি আরো জানান, জুলফিকার ট্যাঙ্ক হচ্ছে প্রাচ্যে অত্যন্ত উচুঁমানের এবং এর কার্যক্ষমতাও অনেক বেশি। সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ নির্দেশ দেয়ার পর এ ট্যাঙ্কের গণ-উতপাদন শুরু হবে বলেও জানান জেনারেল পুরদাস্তান।

ইরানের এ সেনা কমান্ডার বলেন, "ইসলামি ইরান এ অঞ্চলে অবস্থানকারী শত্রুদের ওপর নজর রেখে চলেছে। আমরা পারস্য উপসাগরের যুদ্ধ ও আফগান যুদ্ধ পর্যালোচনা করে দেখেছি এবং শত্রুর শক্তি সম্পর্কে পূর্ণ সচেতন রয়েছি। আর সেভাবেই আমাদের নিরাপত্তা বিষয়ক অস্ত্রশস্ত্র তৈরি করছি। শত্রুর যেকোনো হামলার জবাব আমরা খুব ভালোভাবেই দিতে পারব।" তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, "শত্রুর আগ্রাসনের মুখে আমরা তাতক্ষণিকভাবে জবাব দিতে পারি এবং এরইমধ্যে সেভাবে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।#রেডিও তেহরান