১৭ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইরানি গবেষকরা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে নতুন এক চালকবিহীন বিমান বা ড্রোন তৈরি করেছে।

বার্তা সংস্থা আবনা : ইরানি গবেষকরা পুরোপুরি নিজস্ব প্রযুক্তিতে নতুন এক চালকবিহীন বিমান বা ড্রোন তৈরি করেছে। নতুন এ ড্রোনটি বেসামরিক নানা কাজে ব্যবহার করা যাবে।

ইরানের আযাদ বিশ্ববিদ্যালয়ের বাদর্শির শাখার প্রযুক্তিবিদরা ড্রোনটি তৈরি করেছে বলে এর প্রকল্প ব্যবস্থাপক মোস্তাফা শুজায়ী জানান। তিনি জানান, বিমানটিতে বসানো কম্পিউটারের সাহায্যে এটিকে চালানো যাবে এবং কোনো ধরনের দূর নিয়ন্ত্রণের প্রয়োজন পড়বে না।

উড়ে যাওয়ার সময় বিমানটি ছবি তুলতে এবং ভিডিও গ্রহণ ও তা প্রেরণ করতেও পারবে।

মোস্তাফা শুজায়ী আরো জানান, ভূ-প্রাকৃতিক জরিপ, আবহাওয়ার পূর্বাভাস উন্নয়ন, নির্দিষ্ট এলাকার ডিজিটাল মানচিত্র তৈরির কাজে চালকবিহীন এ বিমানটি ব্যবহার করা যাবে।

রাডারের শ্যেন চক্ষু ফাঁকি দিতে সক্ষম এ ড্রোনটি আকাশের এক স্থানে স্থির অবস্থায় থাকতে পারে। এর ডানার দৈর্ঘ্য দুই মিটার এবং ওজন ৫.৪ কিলোগ্রাম।

ভূপৃষ্ঠের এক হাজার মিটার উঁচু দিয়ে বিমানটি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে উড়তে পারবে।#রেডিও তেহরান