১৯ জানুয়ারি ২০১৩ - ০৭:২৮

ইরানের পুলিশ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র একজন গুপ্তচরকে আটক করেছে।

বার্তা সংস্থা আবনা : ইরানের পুলিশ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ'র একজন গুপ্তচরকে আটক করেছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নিরাপত্তা বাহিনী শত্রুর ষড়যন্ত্রের বিরুদ্ধে আরেকবার নিজের শক্তিমত্তা প্রদর্শন করে সিআইএ'র গুপ্তচর ম্যাটি ভ্যালোককে আটক করেছে।

পশ্চিমা নাগরিক ম্যাটি ভ্যালোক গ্রেফতারের পর জানিয়েছেন, তিনি ২০০৯ সাল থেকে ইরানে সিআইএ'র নতুন একটি প্রজেক্ট নিয়ে কাজ করে আসছিলেন। ওই প্রজেক্ট বাস্তবায়নের অংশ হিসেবে তিনি গত প্রায় এক বছর ধরে ইরানের বিভিন্ন বিষয়ে বিশেষ করে বৈজ্ঞানিক দিক দিয়ে ইরানের উন্নতি সম্পর্কে তথ্য সংগ্রত করছিলেন। ফ্রান্সের রাজধানী প্যারিসে গিয়ে সিআইএ'র পদস্থ কর্মকর্তাদের কাছে এসব তথ্য সরবরাহ করার কথা ছিল।

ম্যাটি ভ্যালোক ইরানের বৈজ্ঞানিক উন্নতি সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য এদেশের সিনিয়র বৈজ্ঞানিকদের সঙ্গে ভাব সৃষ্টির চেষ্টা করছিলেন। কিন্তু সিআইএ'র অন্যান্য গুপ্তচরের মতো তার এ পরিকল্পনা বাস্তবায়নের আগেই তিনি ইরানের নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েন।

গ্রেফতার হওয়ার পর সিআইএ'র গুপ্তচর আরো বলেছেন, "তেহরানের একটি হোটেলে রাতের খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় রুমের দরজায় কড়া নাড়ার শব্দ শুনে দরজা খুলে দিতেই দেখি একজন পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে আছেন। তিনি আমার গুপ্তচরবৃত্তি সম্পর্কে সব তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে জেনেই আমাকে গ্রেফতার করতে এসেছিলেন। এ অবস্থায় আত্মসমর্পন না করে আমার কোনো উপায় ছিল না।"

ম্যাটি ভ্যালোকের আগেও একই ধরনের পদ্ধতি ব্যবহার করে আরো বহু গুপ্তচর ইরানের বিভিন্ন তথ্য সংগ্রহের চেষ্টা করে। এদের মধ্যে মার্কিন নাগরিক স্টিফেন রেমন্ড ও দক্ষিণ আফ্রিকার নাগরিক মার্ক অ্যান্টনি ভেন্ডিয়ারের নাম উল্লেখ করা যায়। তাদের কেউই নিজেদের গুপ্তচরবৃত্তির কাজ শেষ করতে পারেননি।

সিআইএ'র ওই দুই গুপ্তচর ইরান সফরে এসে নিজেদের খরচে বিভিন্ন বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করতেন। এর মাধ্যমে ইরানি বিজ্ঞানিদের সনাক্ত করে তাদের হত্যা করার লিস্ট তৈরি করা ছিল ওই দুই গুপ্তচরের উদ্দেশ্য। কিন্তু তা বাস্তবায়নের আগেই তারা ইরানি পুলিশের হাতে ধরা পড়ে যান।#রেডিও তেহরান