১৮ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাইবার ক্ষমতা দিন দিন বাড়ছে। এ কথা স্বীকার করেছেন মার্কিন বিমান বাহিনীর মহাকাশ কমান্ডের প্রধান জেনারেল উইলিয়াম শেলটন।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাইবার ক্ষমতা দিন দিন বাড়ছে। এ কথা স্বীকার করেছেন মার্কিন বিমান বাহিনীর মহাকাশ কমান্ডের প্রধান জেনারেল উইলিয়াম শেলটন।

তিনি বলেছেন, ২০১০ সালে ইরানের পরমাণু স্থাপনার কম্পিউটার সিস্টেমে স্টুক্সনেট ভাইরাস দিয়ে হামলা চালানোর পর থেকে ইরান এ শক্তি অর্জন করতে শুরু করেছে। তিনি আরো বলেছেন, ইরান যেভাবে ক্ষমতা অর্জন করছে তাতে ভবিষ্যতে দেশটি এ ক্ষেত্রে নিশ্চিত শক্তিতে পরিণত হবে এবং আগামী কয়েক বছরের মধ্যে আমেরিকার জন্য সম্ভাব্য হুমকির কারণ হয়ে উঠবে। তবে, মার্কিন সরকারের কম্পিউটার সিস্টেমে ঝামেলা করার মতো ইরানের কতটা ক্ষমতা আছে -এমন প্রশ্নে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

এর আগে, মার্কিন ব্যাংকিং সিস্টেমে সাইবার হামলার জন্য ইরানকে দায়ী করেছে ওয়াশিংটন। তবে, ইরান সে অভিযোগ অস্বীকার করেছে। এর বিপরীতে গত কয়েক বছর ধরে বরং ইরানই মার্কিন সাইবার হামলার শিকার হয়ে আসছে। ২০১২ সালের জুন মাসে দৈনিক নিউ ইয়র্ক টাইমস খবর দিয়েছিল- প্রেসিডেন্ট বারাক ওবামা গোপনে ইরানের পরমাণু স্থাপনায় স্টুক্সনেট ভাইরাস দিয়ে অন্তর্ঘাতমূলক হামলার নির্দেশ দিয়েছিলেন।

এ ছাড়া, ২০১২ সালের জুন মাসে ওয়াশিংটন পোস্টও খবর দিয়েছিল- আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল যৌথভাবে ইরানের বিরুদ্ধে সাইবার গোয়েন্দাবৃত্তি চালানোর জন্য ফ্লেম নামে একটি ভাইরাস তৈরি করেছে।#রেডিও তেহরান