২১ জানুয়ারি ২০১৩ - ১২:১৬

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উতখাত করার চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে আসাদ হচ্ছেন তেহরানের জন্য 'রেড লাইন'।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতা থেকে উতখাত করার চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে ইসলামি প্রজাতন্ত্র ইরান বলেছে আসাদ হচ্ছেন তেহরানের জন্য 'রেড লাইন'। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর বেলায়েতি এ কথা বলেছেন।

তিনি স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্ট আসাদের ভাগ্য ইরানের জন্য 'লাল সীমা' এবং তার পতনের ফলে ইহুদিবাদী ইসরাইল-বিরোধী প্রতিরোধের ফ্রন্ট ধ্বংস হয়ে যাবে।

ড. বেলায়েতি বলেন, "সিরিয়া ইস্যুর প্রতি আমাদের বিশেষ গুরুত্ব দেয়ার মূল কারণ হচ্ছে, ইসরাইল-বিরোধী প্রতিরোধ রক্ষা করা। যদি বাশার আল-আসাদের পতন হয় তাহলে ইসরাইল-বিরোধী প্রতিরোধ ভেঙে পড়বে।" তিনি আরো বলেন, "প্রেসিডেন্ট আসাদের প্রতি সমর্থন দেয়ার মানে এই নয় যে, তেহরান সিরিয়ার জনগণের শাসক নির্ধারণের অধিকারের প্রতি সমর্থন দেয় না।"

আলী আকবর বেলায়েতি বলেন, "আমরা মনে করি সহিংসতা ও আমেরিকার হস্তক্ষেপ ছাড়াই সিরিয়ার জনগণের দাবির ভিত্তিতে দেশটিতে রাজনৈতিক সংস্কার হওয়া দরকার।"

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট বাশার আসাদের পতনের লক্ষ্যে কাতারের মতো প্রতিক্রিয়াশীল কয়েকটি রাষ্ট্র সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র ও অর্থ দিচ্ছে। সোমালিয়া ও আফগানিস্তান থেকে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে গণহত্যা সংঘটনের জন্য; এতেই বোঝা যায় সিরিয়া নিয়ে আন্তর্জাতিক চক্রান্ত চলছে।

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা সুস্পষ্ট ভাষায় ঘোষণা দেন- বাইরের কাউকে বাশার আসাদের ভাগ্য নির্ধারণ করতে দেয়া হবে না।#রেডিও তেহরান