বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারো ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, তার সামনে এ মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখা।
গতকাল নির্বাচন শেষে পূর্ব বায়তুল মুকাদ্দাসে আয়োজিত এক সমাবেশে দেয়া ভাষণে তিনি এ হুমকি দেন।
এদিকে, নির্বাচন শেষে বুথ ফেরত জরিপে দেখা যাচ্ছে- আবারো ইসারাইলের ক্ষমতায় আসছেন কট্টরবাদী নেতানিয়াহু। তার নেতৃত্বাধীন লিকুদ-বেইতেনু জোট সামান্য ব্যবধানে বিজয়ী হবে বলে এ জরিপে দেখা গেছে।
তবে, নেতানিয়াহুর দল এবং তার মিত্র জাতীয়তাবাদীরা নির্বাচনে খুব ভালো ফলাফল করতে পারেনি। নির্বাচনের আগে বলা হচ্ছিল- নেতানিয়াহুর দল ও জোট বড় ব্যবধানে জিতবে। কিন্তু নির্বাচনে দেখা যাচ্ছে, মধ্য-বামপন্থী দলগুলোর কাছে তারা অনেক আসন হারিয়েছে। তবে, এখনই আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হচ্ছে না; ফল ঘোষণা হবে ৩০ জানুয়ারি।
ইসরাইল বহুদিন ধরেই মিথ্যা অভিযোগ করে আসছে যে, ইরান পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে। এ জন্য তারা বার বার ইরানের ওপর হামলার হুমকি দিয়েছে। কিন্তু ইরান এ অভিযোগ উড়িয়ে দিয়ে বলে আসছে- যদি তেহরানের বিরুদ্ধে কেউ হামলা চালানোর দুঃসাহস দেখায় তাহলে তার বিরুদ্ধে জবাব হবে ভয়াবহ কঠিন।#রেডিও তেহরান