বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আগামী মাসে তেহরানে অনুষ্ঠেয় আলোচনায় আন্তর্জাতিক শক্তি সংস্থা বা আইএইএ-কে বাস্তববাদী হওয়ার পরামর্শ দিয়েছে ইরান।
আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী আসগর সুলতানিয়েহ বলেছেন, ফেব্রুয়ারির আলোচনায় সফলতা নির্ভর করবে এ সংস্থার বাস্তববাদিতার ওপর।
তিনি জানান, আগের বৈঠকগুলোতে বিশ কিছু ইস্যুর নিষ্পত্তি হয়েছে তবে এখনো কিছু বিষয় নিয়ে আইএইএ পীড়াপীড়ি করছে। সে ক্ষেত্রেও তারা বাস্তববাদী না হলে আলোচনা সফলতার মুখ দেখবে না।
আলী আসগর সুলতানিয়েহ জানান, আগামী ১২ অথবা ১৩ ফেব্রুয়ারি রাজধানী তেহরানে পরবর্তী আলোচনা হবে।
সুলতানিয়েহ আরো বলেন, "তারা যদি আমাদের জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেয় এবং সব প্রত্যাশা পূরণ করে তাহলে আমরাও চূড়ান্ত চুক্তি করতে এবং সব অস্পষ্টতা দূর করার বিষয়ে পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছি।"
গত ১৭ ও ১৮ জানুয়ারি রাজধানী তেহরানে ইরান এবং আইএইএ'র মধ্যে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে, আইএইএ প্রতিনিধিদলের কিছু অযৌক্তিক দাবি বিশেষ করে পারচিন সামরিক স্থাপনা পরির্দশনের প্রশ্নে আলোচনা ব্যর্থ হয়।#রেডিও তেহরান