২৩ জানুয়ারি ২০১৩ - ২০:৩০

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি-কে পারস্য উপসাগরে জ্বালানি নিরাপত্তার খুঁটি বলে আখ্যায়িত করেছেন বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মুহাম্মাদ আলী জাফারি।

বার্তা সংস্থা আবনা : ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি-কে পারস্য উপসাগরে জ্বালানি নিরাপত্তার খুঁটি বলে আখ্যায়িত করেছেন বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মুহাম্মাদ আলী জাফারি।

তিনি বলেছেন, পারস্য উপসাগরে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিপ্লবি গার্ড বাহিনীর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি ও কৌশলগত ভূ-রাজনীতিতে পারস্য উপসাগরের গুরুত্ব তুলে ধরে জেনারেল জাফারি বলেন, "এসব বিবেচনায় নিয়ে এ এলাকায় বিপ্লবি গার্ড বাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো হবে।" এ পদক্ষেপের মাধ্যমে ইরানের জাতীয় নিরাপত্তা বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।

গত কয়েক বছর ধরে ইরানের নিরাপত্তা ক্ষমতা বাড়ানোর জন্য তেহরান পারস্য উপসাগর এবং এর আশপাশের পানিসীমায় বহুসংখ্যক নৌ মহড়া চালিয়েছে। এ ছাড়া, ইরানের নৌ বাহিনী বিশেষ করে ইসলামি বিপ্লবি গার্ড বাহিনীর সদস্যদেরকে অত্যাধুনিক অস্ত্রের সঙ্গে পরিচিত করে তুলতে সম্প্রতি ইরানের বন্দর আব্বাস এলাকায় বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক পানিসীমায় ইরানি নৌ বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।#রেডিও তেহরান