৮ ফেব্রুয়ারি ২০১৩ - ০৬:০২

ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেছেন, মিশরের নাগরিকেরা আগামী মাস থেকে কোনো ভিসা ছাড়াই ইরান সফর করতে পারবেন।

বার্তা সংস্থা আবনা : ইসলামী ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি বলেছেন, মিশরের নাগরিকেরা আগামী মাস থেকে কোনো ভিসা ছাড়াই ইরান সফর করতে পারবেন। আজ (বৃহস্পতিবার) কায়রোতে ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসি’র শীর্ষ সম্মেলনের অবকাশে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন। সদিচ্ছার নিদর্শন হিসেবে ইরান স্ব-উদ্যোগে ভিসা তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মিশরের সঙ্গে ইরানের সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া প্রসঙ্গে আলী আকবর সালেহি সংক্ষেপে বলেন, ‘গত কয়েক মাসে এটি আমার চতুর্থ দফা মিশর সফর।’

ওআইসি’র শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বর্তমানে মিশর সফর করছেন। তিনিও মিশরের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন। ইরানে ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের বিজয়ের পর এই প্রথম দেশটির কোনো প্রেসিডেন্ট মিশর সফরে গেছেন।

মিশর সরকার মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে ক্যাম্প-ডেভিড চুক্তি সই করার পর ১৯৮০ সালে কায়রোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ইসলামী বিপ্লবের দেশ ইরান।

তবে মিশরে ২০১১ সালের ফেব্রুয়ারি মাসের বিপ্লবের ফলে সাবেক মার্কিনপন্থী স্বৈরশাসক হোসনি মুবারকের পতনের পর দু'দেশের সম্পর্কের উন্নতি হতে শুরু করে। মিশরের প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসি গত বছরের আগস্টে তেহরানে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যামের ১৬তম শীর্ষ সম্মেলনে যোগ দেন। সেটিও ছিল গত তিন দশকের মধ্যে মিশরের কোনো প্রেসিডেন্টের প্রথম ইরান সফর।#রেডিও তেহরান