বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার নিন্দা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। মিশরের রাজধানী কায়রোয় অনুষ্ঠিত সংস্থার ১২তম শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় এ নিন্দা জানানো হয়।
ইরানের প্রস্তাবের পর ওআইসি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণায় একটি প্যারা যোগ করেছে বলে জানান সংস্থায় নিযুক্ত ইরানের প্রতিনিধি হামিদরেজা দেহ্কানি।
ইরানের পরমাণু বিজ্ঞানী হত্যার জন্য ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে নিন্দা ও প্রদিবাদ জানিয়ে আসছে তেহরান। এর আগে, তেহরান কয়েকবার ঘোষণা করেছে- ইসরাইলের গুপ্তচরদের হাতেই ইরানের পরমাণু বিজ্ঞানী মোস্তফা আহমাদি রওশান, দারিয়ুশ রেজায়িনেজাদ, অধ্যাপক মাজিদ শাহরিয়ারি এবং অধ্যাপক মাসুদ আলী মোহাম্মাদি শহীদ হয়েছেন।
এদিকে, সিরিয়ার একটি সামরিক গবেষণা কেন্দ্রে ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালিয়েছে তারও নিন্দা জানানো হয়েছে এবারের ওআইসি শীর্ষ সম্মেলনের চূড়ান্ত ঘোষণায়। এ ছাড়া, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর যে হত্যাকাণ্ড ও কঠিন নির্যাতন চলছে তারও অবসানের আহ্বান জানানো হয়েছে। ইরানের প্রতিনিধি আরো জানান, পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে ইহুদিবাদী ইসরাইলের নির্যাতনের বিরুদ্ধেও ইসলামি সহযোগিতা সংস্থা নিন্দা জানিয়েছে।#রেডিও তেহরান