৯ ফেব্রুয়ারি ২০১৩ - ২০:৩০

তুর্কি বিমানবাহিনীর ১০০’র বেশি কর্মকর্তা পদত্যাগ করেছেন। সরকার উত্খাতের কথিত অভিযোগে পদস্থ সামরিক কর্মকর্তাদের বিচার ও গ্রেফতারের প্রতিবাদে বিমানবাহিনীর কর্মকর্তারা পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন।

বার্তা সংস্থা আবনা : তুর্কি বিমানবাহিনীর ১০০’র বেশি কর্মকর্তা পদত্যাগ করেছেন। সরকার উত্খাতের কথিত অভিযোগে পদস্থ সামরিক কর্মকর্তাদের বিচার ও গ্রেফতারের প্রতিবাদে বিমানবাহিনীর কর্মকর্তারা পদত্যাগের এ সিদ্ধান্ত নিলেন। এভাবে গণপদত্যাগের ঘটনা তুরস্কের ইতিহাসে নজিরবিহীন।

অবশ্য এর আগেও রাজনৈতিক কারণে তুর্কি সেনাবাহিনীতে পদত্যাগের ঘটনা ঘটেছে। তবে এবারের পদত্যাগের ঘটনা থেকে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির সরকার ও সেনাবাহিনীর মধ্যকার ব্যাপক মতবিরোধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় যাওয়ার আগে শুধুমাত্র ইসলামপন্থী হওয়ার কারণে রজব তাইয়্যেব এর্দুগানের মতো অনেক ব্যক্তিত্ব সেনাবাহিনীর পক্ষ থেকে তীব্র বিরোধিতা ও সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কিন্তু এই সরকার সেনাবাহিনীর ওই আচরণকে তাদের বিরুদ্ধে কাজে লাগানোর চেষ্টা করছে  এবং বর্তমানে সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিরোধ চরমে উঠেছে।

তুরস্কের সেনাবাহিনী নিজেদেরকে ধর্মনিরপেক্ষ নীতি-আদর্শের ধারক, বাহক ও রক্ষক বলে মনে করে। তাদের অভিযোগ বর্তমান সরকার ধর্মনিরপেক্ষ ব্যবস্থাকে উতখাত করে সে স্থলে ইসলামী নীতি-আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করছে। তুর্কি সেনাবাহিনী আরো অভিযোগ করেছে, সরকার বিদ্বেষ প্রসূত হয়ে সেনাবাহিনীর ক্ষমতাকে সীমিত করে তাদেরকে কেবল সীমান্ত প্রহরা কাজে ব্যবহার করছে। অবশ্য তুরস্কের সরকার বলছে, সেদেশে গণতন্ত্রের বিকাশ ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পদ লাভের জন্য সেনাবাহিনীতে পরিবর্তন বা সংস্কার আনা প্রয়োজন ছিল।

কোনো কোনো বিশ্লেষক বলছেন, আসলে রাজনৈতিক অঙ্গনে সেনাবাহিনীর ক্ষমতা বা প্রভাব খর্ব হওয়ার কারণেই সেনাবাহিনী সরকারের প্রতি অসন্তুষ্ট। তুরস্কের জাতীয় নিরাপত্তা পরিষদে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যখন সেনাবাহিনীর হাতে একক কর্তৃত্ব ছিল তখন রাজনীতিতে তাদের ব্যাপক প্রভাব ছিল। কিন্তু এখন রাজনৈতিক অঙ্গনে সেনাবাহিনীর কোনো প্রভাবতো নেই বরং সেনাবাহিনীতেও তাদের ক্ষমতা অনেক কুক্ষিগত করা হয়েছে এবং সেনা কর্মকর্তারা এখন আদালতে বিচারের সম্মুখীন। এ অবস্থায় সেনাবাহিনী ও সরকারের মধ্যকার বিরোধ খুবই স্বাভাবিক ব্যাপার এবং এর জের ধরেই বিমান বাহিনীর কর্মকর্তারা পদত্যাগ করলেন বলে মনে করা হচ্ছে।

আসলে তুরস্কের সরকার ও সেনাবাহিনী এখন মুখোমুখি অবস্থানে এসে দাঁড়িয়েছে। সরকার যদি সেনাবাহিনীর ক্ষমতাকে সীমিত করতে চায় তাহলে আরো সেনা কর্মকর্তার পদত্যাগের সম্ভাবনা রয়েছে এবং এ বিষয়টি তুরস্ক সরকারকে উদ্বিগ্ন করে তুলেছে।

সেনা কর্মকর্তাদের পদত্যাগের ব্যাপারে তুরস্কের জনমনে, সংবাদ ও রাজনৈতিক মহল কিংবা আন্তর্জাতিক অঙ্গনের কি প্রতিক্রিয়া সে বিষয়টি বাদ দিলেও এ পদত্যাগের ঘটনা থেকে বোঝা যায় সরকার সেনাবাহিনীর ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে এবং তাদের মধ্যে অবিশ্বাস ও বিরোধ ক্রমেই জোরদার হচ্ছে। #রেডিও তেহরান