বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ (রোববার) ৩৪তম বিপ্লব বার্ষিকী পালিত হচ্ছে। ১৯৭৯ সালের এ দিনে মার্কিন সমর্থিত রাজতান্ত্রিক স্বৈর সরকারের বিরুদ্ধে ইরানিদের ইসলামি বিপ্লব বিজয় লাভ করেছিল।
বিপ্লব বার্ষিকী উপলক্ষে আজ রাজধানী তেহরানসহ দেশের সর্বত্র বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। রাজধানীর আজাদি চত্বর এখন জনতার মহাসমুদ্র। যত দূর চোখ যায়, কেবল মানুষ আর মানুষ। লাখ লাখ জনতার এ মহাসমাবেশে এখন ভাষণ দিচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ। সমবেত এই জনতার কণ্ঠে এখন নানা শ্লোগান।
তারা চিত্কার করে ইসলামী বিপ্লবের পক্ষে এবং ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার বিপক্ষে বিভিন্ন শ্লোগান দিচ্ছেন। তাদের কণ্ঠে ‘আমেরিকা ধ্বংস হোক, ইসরাইল নিপাত যাক’; ‘ইসলামি বিপ্লব জিন্দাবাদ, সর্বোচ্চ নেতা জিন্দাবাদ’-এ ধরনের নানা শ্লোগান। অনেকের হাতেই শোভা পাচ্ছে, আমেরিকা ও ইসরাইল বিরোধী বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ও প্ল্যাকার্ড।
প্রতি বছর ইসলামী বিপ্লব বার্ষিকী উপলক্ষে ইরানে জাতীয়ভাবে দশ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইরান নানা ধরনের সাফল্যের কথা ঘোষণা করে,যা কেবল ইসলামি বিপ্লব বিজয়ের কারণেই সম্ভব হচ্ছে। ইরান ছাড়াও বিশ্বের আরো অনেক দেশে ইমাম খোমেনি (রহ.)’র নেতৃত্বাধীন এ বিপ্লবের বার্ষিকী পালিত হচ্ছে।
আড়াই হাজার বছরের রাজতন্ত্রের পতন ঘটিয়ে ইরানে যে ঐতিহাসিক বিপ্লব হয়েছে,তা গোটা বিশ্বের মজলুম জনতার জন্য আজো মুক্তির প্রেরণা হিসেবে কাজ করছে।#রেডিও তেহরান