বার্তা সংস্থা আবনা : সিরিয়ার চলমান সংকট নিরসনের জন্য দেশটির সরকার ও বিরোধী জোটকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে রাশিয়া এবং আরব লীগ। সিরিয়ায় প্রায় দু'বছর ধরে বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
আলোচনা সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, সিরিয়ার সরকার ও বিরোধী জোটের মধ্যে সরাসরি আলোচনা অনুষ্ঠানের চেষ্টা চালাচ্ছে মস্কো এবং আরব লীগ।
মস্কোয় অনুষ্ঠিত রাশিয়া-আরব সহযোগিতা ফোরামের বৈঠকের অবকাশে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে অংশ নেন আরব লীগের মহাসচিব নাবিল আল-আরাবি।
সিরিয়ার সরকার ও বিরোধী জোটের মধ্যে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে ল্যাভরভ বলেন, এরইমধ্যে দু'পক্ষই এমন আলোচনা নিয়ে কথা বলতে শুরু করেছে। তিনি জানান, সিরিয়ার সরকার ও বিরোধী জোটের মধ্যকার সম্ভাব্য আলোচনার প্লাটফর্ম হতে রাশিয়া প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, এ মুহূর্তে দু'পক্ষকেই শর্ত ছাড়া আলোচনায় বসা উচিত এবং এখন দু'পক্ষেরই আলোচনার জন্য প্রস্তুতি রয়েছে। সময়ের ব্যবধানে যে কূটনৈতিক আনুষ্ঠানিকতা দরকার তা হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ ধরনের আলোচনায় আরব লীগের বিরাট ভূমিকা রয়েছে বলেও ল্যাভরভ মন্তব্য করেন।
তিনি জোর দিয়ে বলেন, সামরিক উপায়ে সিরিয়া সমস্যার সমাধান হবে না।#রেডিও তেহরান