১ মার্চ ২০১৩ - ২০:৩০

সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান বলেছেন, তার বাহিনী অস্ত্র ও গোলাবারুদের জন্য মরিয়া হয়ে উঠেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় ততপর বিদেশি মদদপুষ্ট সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর প্রধান বলেছেন, তার বাহিনী অস্ত্র ও গোলাবারুদের জন্য মরিয়া হয়ে উঠেছে। এ অবস্থায় অস্ত্রশস্ত্র বাদ দিয়ে আমেরিকা অন্য যে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে তার কোনো প্রয়োজন নেই।

সরকার-বিরোধী কথিত সর্বোচ্চ সামরিক পরিষদের চিফ অব স্টাফ জেনারেল সালিম ইদ্রিস বলেন, “খাদ্য-পানীয় বা ব্যান্ডেজের কোনো প্রয়োজন আমাদের নেই। আমাদের সেনারা যখন আহত হয় তখন তারা মরতে চায় এবং আমরা অস্ত্র ছাড়া কিছুই চাই না।”

তিনি আরো বলেন, তার বাহিনীর ট্যাংক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের প্রয়োজন।

গত বৃহস্পতিবার ইতালির রাজধানী রোমে কথিত ‘ফ্রেন্ডস অব সিরিয়া’র বৈঠকে বিদ্রোহী গোষ্ঠীকে বাড়তি ছয় কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

এ ছাড়া, বিদ্রোহীদেরকে সরাসরি খাদ্য ও চিকিত্সা সামগ্রী যোগান দেয়া হবে বলেও জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সরে যেতে বাধ্য করার লক্ষ্যে তার ওপর চাপ বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোম বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার ওপর আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা রদ-বদল করেছে। ফলে, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো সিরিয়ার বিদ্রোহীদের সাঁজোয়া যান ও কারিগরি সহায়তা দিতে পারবে।#রেডিও তেহরান