৪ মার্চ ২০১৩ - ২০:৩০

ইরানের ২৪তম নৌবহর চীনের ঝ্যাংজিয়াগ্যাং বন্দরে নোঙর ফেলেছে। ইরানি নৌবাহিনীর ডেপুটি কমান্ডার সিয়াভাস জারেহ এ কথা জানিয়েছেন।

বার্তা সংস্থা আবনা : ইরানের ২৪তম নৌবহর চীনের ঝ্যাংজিয়াগ্যাং বন্দরে নোঙর ফেলেছে। ইরানি নৌবাহিনীর ডেপুটি কমান্ডার সিয়াভাস জারেহ এ কথা জানিয়েছেন।

তিনি জানান, গত ৪০ দিনে ১৩ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানি নৌবহর আজ (সোমবার) চীনা বন্দরে নোঙর ফেলতে সক্ষম হয়েছে। এ বহরে সাবালান ডেস্ট্রয়ঢার ও হেলিকপ্টারবাহী যুদ্ধজাহাজ রয়েছে।

চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোর জন্য বন্ধুত্ব ও শান্তির বার্তা নিয়ে ইরানি নৌবহর গত ২০ জানুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস থেকে রওয়ানা দেয়।

ইরানি কমান্ডার বলেন, আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনেই তেহরান আন্তর্জাতিক পানিসীমায় নৌবহর পাঠাচ্ছে।

কমান্ডার সিয়াভাস জারেহ আরো জানান, মালাক্কা প্রণালী পার হওয়ার সময় একটি মার্কিন ডেস্ট্রয়ারের সঙ্গে দেখা হয় এবং তারা এ সময় ইরানি নৌবহরের কাছে আসার অনুমতি চায়। খারাপ আবহাওয়ার মধ্যে মালাক্কা প্রণালীতে মার্কিন নৌসেনারা ইরানি নৌবহর দেখে বিস্মিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

গত কয়েক বছর ধরে ইরান আন্তর্জাতিক পানিসীমায় তার নৌবহরের উপস্থিতি বাড়িয়েছে।#রেডিও তেহরান