৮ মার্চ ২০১৩ - ১৮:৩৭

ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পরলোকগত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ভেনিজুয়েলাবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন।

বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, পরলোকগত প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ ভেনিজুয়েলাবাসীর হৃদয়ে অমর হয়ে থাকবেন। এ সময় তিনি লাতিন আমেরিকার জনগণ ও সরকারগুলোকেও সান্ত্বনা দেন।

কারাকাস বিমানবন্দরে পৌঁছে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ সাংবাদিকদের বলেন, চ্যাভেজের চিন্তা-দর্শন এ অঞ্চলের জনগণের অন্তরে বেঁচে থাকবে এবং ইতিহাস কখনো এই ন্যায়কামী প্রেসিডেন্টকে ভুলে যাবে না।

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, “আমি অন্তর দিয়ে লাতিন আমেরিকার একজন দরদি ভাইয়ের অভাব অনুভব করছি যিনি তার জনগণের কল্যাণে কাজ করতে গিয়ে জীবন দিয়েছেন। তবে, আমি নিশ্চিত যে, লাতিন আমেরিকার জনগণ তার আদর্শ ধরে এগিয়ে যাবে এবং তাদের ভবিষ্যত গন্তব্য খুঁজে নেবে।

চ্যাভেজের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ভেনিজুয়েলা গেছেন। তার সঙ্গে রয়েছেন তার শীর্ষ উপদেষ্টা ইসফান্দিয়ার রাহীম মাশায়ি, পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহি, দুই ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ হাসান মুসাভি ও মোহাম্মাদ রেজা মির-তাজেদ্দিন এবং সমবায়, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী আব্দুল্লাহ আব্বাসি।

চ্যাভেজের আজকের অন্ত্যেষ্টিক্রিয়ায় ইরান ও লাতিন আমেরিকাসহ বিশ্বের ৫৫টি দেশের রাষ্ট্রপ্রধানের অংশ নেয়ার কথা রয়েছে।#রেডিও তেহরান