বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় ততপরত বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের কাছে হাজার হাজার টন অস্ত্র ও গোলাবারুদের চালান বহনের দায়িত্ব পালন করেছে আমেরিকা। ব্রিটেন এবং ইউরোপের কয়েকটি দেশের সহযোগিতায় ক্রোয়েশিয়া থেকে এসব অস্ত্র নেয়া হয়েছে।
ক্রোয়েশিয়ার দৈনিক ইউতারঞ্জি লিস্ট এ খবর দিয়েছে। অস্ত্র পরিবহনের বিষয়ে পত্রিকাটি বিস্তারিত তথ্য জানিয়ে বলেছে, এ পর্যন্ত তিন হাজার টন অস্ত্র ও গোলাবারুদ নেয়া হয়েছে। এ কাজে জাগরেব বিমাবন্দরকে ব্যবহার করা হচ্ছে। আমেরিকার অনুরোধে সৌদি আরব এসব অস্ত্রের দাম পরিশোধ করেছে। পত্রিকাটি আরো বলেছে, গত নভেম্বর থেকে এ পর্যন্ত বিমানে করে ৭৫টি চালান নেয়া হয়েছে এবং জর্দানের ভেতর দিয়ে এসব অস্ত্র সিরিয়ার বিদ্রোহীদেরকে দেয়া হয়েছে।
এর আগে অন্য এক প্রতিবেদনে বলা হয়েছিল- এসব অস্ত্র সাবেক যুগোস্লাভিয়া আমলের কিন্তু এখন বলা হচ্ছে ব্রিটেনসহ ইউরোপের কয়েকটি দেশ থেকেও অস্ত্র পাঠানো হয়েছে। তবে, ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ রিপোর্ট নাকচ করে বলেছে, তারা সিরিয়ার গেরিলাদের কাছে কোনো অস্ত্র পাঠায়নি।
সিরিয়ার বিদ্রোহীদের কাছে পাঠানো অস্ত্রের মধ্যে রয়েছে- রকেট লাঞ্চার, রিকয়ল-লেস গান এবং এম৭৯ ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র। ক্রোয়েশিয়ার পত্রিকা আরো বলেছে, সাম্প্রতিক মাসগুলোতে জর্দানের কার্গো বহরের রুশ নির্মিত ইলিউশিন জেটকে জাগরেব বিমাবন্দরে নিয়মিত ওঠানামা করতে দেখা গেছে। তবে, তুরস্কের কার্গো বিমানে করে অস্ত্রের প্রথম চালান নেয়া হয়েছে বলে জানিয়েছে ক্রোয়েশিয় পত্রিকা।#রেডিও তেহরান