বার্তা সংস্থা আবনা : সৌদি আরবের মানবাধিকার সংগঠনগুলো ভেঙে দিতে সরকারকে নির্দেশ দিয়েছে দেশটির আদালত। এ ছাড়া, দু’টি মানবাধিকার সংগঠনের কর্মীদের শক্ত কারাদণ্ড দিতেও নির্দেশ দেয়া হয়েছে।
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি জানায়, রিয়াদের ফৌজদারী আদালত ‘সৌদি এসোসিয়েশন অব সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস’ নামের মানবাধিকার সংগঠনকে নিষিদ্ধ করেছে। একইসঙ্গে এ সংগঠনের কর্মী আব্দুল্লাহ আল-হামেদের বিরুদ্ধে ছয় বছরের কারাদণ্ডের আদেশ বহাল রেখেছে। পাশাপাশি তার কারাদণ্ডের মেয়াদ আরো পাঁচ বছর বাড়িয়েছে।
এ ছাড়া, আব্দুল্লাহ হামেদের বিরুদ্ধে ১১ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
অন্য একটি মানবাধিকার সংগঠনের কর্মী মুহাম্মাদ কাহতানিকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তার বিরুদ্ধেও আরোপ করা হয়েছে ১০ বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা।
এসব মানবাধিকার সংগঠনের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।
এ দুই মানবাধিকার কর্মী আদালতের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে সৌদি রাজনৈতিক ও সামাজিক তথ্য প্রকাশ করার দায়ে এদের দু’জনকে কারাদণ্ড দেয়া হয়েছিল।
নতুন জেল-জুলুমের পরও এ দুই মানবাধিকার কর্মী জানিয়েছেন, তারা তাদের সংগ্রাম অব্যাহত রাখবেন।#রেডিও তেহরান