বার্তা সংস্থা আবনা : ইরানের পূর্বাঞ্চলীয় সীমান্ত পাহারা দেয়ার জন্য পাইলটবিহীন বিমান বা ড্রোন মোতায়েন করা হবে। এ কাজের জন্য এরইমধ্যে ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়েছে।
ইরানের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন জুলফিকারি জানান, দক্ষিণ খোরাসান এবং সিস্তান-বেলুচিস্তান প্রদেশে এ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে এবং প্রতিদিনি কয়েকটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে তাদের পারফরমেন্স দেখার জন্য।
ড্রোন পরিচালনা সংক্রান্ত পাইলট প্রকল্প শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ইরানের সীমান্তরক্ষী বাহিনী সীমানা পাহারার কাজে ড্রোন ব্যবহার শুরু হবে বলেও জানান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন জুলফিকারি।
আফগানিস্তানের সঙ্গে ইরানের নয়শ’ কিলোমিটার সীমানা রয়েছে এবং এ সীমান্ত দিয়ে আফগানিস্তান হয়ে ইউরোপে প্রচুর পরিমাণে মাদক পাচার হয়ে যায়। এ ছাড়া, তেলজাতপণ্য ও মানবপাচারের কাজেও দুর্বৃত্তরা ইরান-আফগান সীমান্ত ব্যবহার করে থাকে। এ অবস্থায় সীমান্ত পাহারায় ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত অত্যন্ত সময়োগী পদক্ষেপ বলে গণ্য করা হচ্ছে।#রেডিও তেহরান