২৮ মার্চ ২০১৩ - ১৯:৩০

সিরিয়ায় সন্ত্রাসে জড়িত সশস্ত্র গ্রুপগুলোর কাছে অস্ত্র পাঠানোর মাত্রা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে আসাদ সরকার বিরোধী আঞ্চলিক সরকারগুলো।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ায় সন্ত্রাসে জড়িত সশস্ত্র গ্রুপগুলোর কাছে অস্ত্র পাঠানোর মাত্রা নাটকীয়ভাবে বাড়িয়ে দিয়েছে আসাদ সরকার বিরোধী আঞ্চলিক সরকারগুলো।

বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস আজ (বৃহস্পতিবার) এক খবরে এ কথা জানিয়েছে। খবরে বলা হয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক একজন উচ্চ পদস্থ  আরব কর্মকর্তা বলেছেন, সুপরিকল্পিত গোপন অভিযানের আওতায় সোদি, তুর্কি, জর্দান ও কাতার সরকার সিরিয়ায় সক্রিয় বহুজাতিক গেরিলা গ্রুপগুলোকে অস্ত্রে সজ্জিত করছে।

এইসব অস্ত্রের মধ্যে ক্রোয়েশিয়ার নির্মিত ট্যাংক-বিধ্বংসী রকেটও রয়েছে বলে সামরিক বিশেষজ্ঞরা জানিয়েছেন। 

মার্কিন সরকারসহ পশ্চিমা সরকারগুলোর সঙ্গে আলোচনা বা শলা-পরামর্শের ভিত্তিতেই এইসব অস্ত্রের চালান পাঠানো হচ্ছে সিরিয়ায়।

ওই আরব কর্মকর্তা জানিয়েছেন,  গত কয়েক সপ্তাহয় সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সশস্ত্র গ্রুপগুলোর কাছে  আকাশ-পথে অস্ত্র পাঠানোর মাত্রা দ্বিগুণ হয়েছে। সন্ত্রাসীরা দামেস্ক অবরোধের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন।

সৌদি ও কাতার সরকার বিদ্রোহীদের অস্ত্র পাঠানোর জন্য অর্থের জোগান দিচ্ছে এবং জর্দান ও তুরস্ক এক্ষেত্রে তাদের ভূমি ব্যবহারের সুযোগ দিচ্ছে বলে ওই খবরে বলা হয়েছে। অবশ্য জর্দান এক্ষেত্রে তার কোনো রকম ভূমিকা থাকার কথা অস্বীকার করেছে। সুইডেনের একজন বিশেষজ্ঞ জানিয়েছেন, সিরিয়ায় সক্রিয় সশস্ত্র গ্রুপগুলো ২০১২ সালের প্রথম দিক থেকে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার টন অস্ত্র পেয়েছে।  তিনি জানান সৌদি আরব, কাতার ও জর্দান বিমানযোগে ১৬০ বার অস্ত্র পাঠিয়েছে সিরিয়ায় সক্রিয় সশস্ত্র গ্রুপগুলোর কাছে।#রেডিও তেহরান