বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ছয় জাতিগোষ্ঠী আসন্ন আলমাতি বৈঠকে একটি সমাধানে পৌঁছাতে পারে বলে আশা প্রকাশ করেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত বলেছেন, ছয় জাতিগোষ্ঠী আলমাতির প্রথম বৈঠকে যে মনোভাব দেখিয়েছে তা বজায় থাকলে চুক্তির সম্ভাবনা রয়েছে।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে দেয়া এক সাক্ষাতকারে মেহমানপারাস্ত বলেন, আসন্ন আলমাতি বৈঠকে সহজেই সমঝোতায় পৌঁছানো সম্ভব। আগের বৈঠকে পশ্চিমারা যে দৃষ্টিভঙ্গি দেখিয়েছে ইরানের অবস্থান তার কাছাকাছি ছিল বলে জানান তিনি।
ইরানের এ কর্মকর্তা বলেন, “আসলে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের আলোচনা জটিল মারপ্যাচের কোনো বিষয় ছিল না বরং এটা সাধারণ-স্বচ্ছ ও প্রত্যাশিত বিষয় ছিল। তবে, আলোচনা যাই হোক- ইরানের ন্যায্য অধিকারের বিষয়টি মেনে নিতেই হবে।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ছয় জাতিগোষ্ঠীর কথিত উদ্বেগও নিরসনের ব্যবস্থা করা হবে। তবে এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।# রেডিও তেহরান