৩ এপ্রিল ২০১৩ - ১৯:৩০

কয়েক ঘণ্টার ব্যবধানে আফগানিস্তানে আরো একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : কয়েক ঘণ্টার ব্যবধানে আফগানিস্তানে আরো একটি মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছে। পূর্বাঞ্চলের ওয়ারদাক প্রদেশে ড্রোন ধ্বংসের খবরটি নিশ্চিত করেছে আফগান সরকার।

তবে,  ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে তালেবানরা।

এর আগে, আফগানিস্তানের তালেবান গেরিলারা আরো একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করে। রাজধানী কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে পারওয়ান প্রদেশের বাগরাম এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

তালেবানরা দাবি করেছে- গুলি করে তারা ড্রোনটি ভূপাতিত করেছে এবং তা ধ্বংস হয়ে গেছে।

তবে, আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনী এ নিয়ে এখানো কোনো মন্তব্য করেনি। ইরানরে প্রেস টিভি এবং বার্তা সংস্থা রয়টার্সসহ অনেক গণমাধ্যম এ খবর দিয়েছে।

এর আগেও তালেবানরা দখলদার বাহিনীর বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

সম্প্রতি, মার্কিন প্রশাসন আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন ও সোমালিয়ায় ড্রোন হামলা বাড়িয়ে দিয়েছে। আমেরিকা দাবি করে আসছে, গেরিলাদের লক্ষ্য করে তারা ড্রোন হামলা চালাচ্ছে। কিন্তু স্থানীয় অধিবাসীরা বলছে, ড্রোন হামলায় বেশিরভাগই সাধারণ মানুষ হতাহত হচ্ছে।#রেডিও তেহরান