বার্তা সংস্থা আবনা : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রমিন মেহমানপারাস্ত বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানে হামলা চালানোর মত ঐতিহাসিক ভুল করে তাহলে এটাই হবে তার ইতিহাসের শেষ ভুল।
তিনি আজ (বৃহস্পতিবার) আর্মেনিয়ায় এক সংবাদ সম্মেলনে এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ইরান দূতাবাসে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার মত ক্ষমতা ইসরাইলের নেই।
মেহমানপারাস্ত সিরিয়া প্রসঙ্গে বলেছেন, এ অঞ্চলের জাতিগুলোর অধিকার রক্ষা ইরানের অন্যতম মূল নীতি। জাতিগুলোর যদি বক্তব্য বা দাবি-দাওয়া থাকে তা শোনা ও বাস্তবায়ন করাও ইরানের এই নীতির অংশ বলে তিনি মন্তব্য করেছেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, কেউ কেউ সিরিয়ার জনগণের হয়ে কাজ করার দাবি করছেন, কিন্তু তাদের দাবি যদি সত্যিই হয়ে থাকে তাহলে তারা কেন নির্বাচন অনুষ্ঠানের বিরোধিতা করছেন?
তিনি বলেন, সিরিয়ায় সংঘর্ষ ও অস্ত্র পাঠানো বন্ধ করা এবং অন্তর্বর্তী সরকার গঠন করে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানই দেশটির সংকট সমাধানের পথ।#রেডিও তেহরান