৭ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
গভীর সাগরে ২৫তম নৌবহর পাঠালো ইরানের নৌবাহিনী

এডেন উপসাগরসহ আরো গভীর সাগরে যুদ্ধজাহাজসহ ২৫তম নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী।

বার্তা সংস্থা আবনা : এডেন উপসাগরসহ আরো গভীর সাগরে যুদ্ধজাহাজসহ ২৫তম নৌবহর পাঠিয়েছে ইরানের নৌবাহিনী। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল (শনিবার) খুবই দ্রুততার সঙ্গে নৌবহরকে সাগরে পাঠানো হয়।

সাগরের বুকে জলদস্যুর কবল থেকে ইরানের মালবাহী জাহাজ ও তেল ট্যাঙ্কারের সুরক্ষা নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে।

২৫তম নৌবহরে রয়েছে আলবোর্জ ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ ও লারাক ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ। নৌবাহিনীর ২৪তম নৌবহর জেটিতে ফিরে আসার পরই ২৫তম বহরকে গভীর সাগরে পাঠালো ইরান।

ভারত মহাসাগরের উত্তরে, এডেন ও বাব আল মানদেব উপসাগরে জলদস্যু বিরোধী অভিযান পরিচালনা করে  ইরানের নৌবাহিনী। এসব অঞ্চলে ইরানসহ প্রতিবেশি দেশগুলোর জাহাজের সুরক্ষা দিচ্ছে ইরানের নৌ সেনারা।

গত মার্চে  নৌ বাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়্যেরি তার নৌ সেনাদের কর্মকাণ্ডের প্রশংসা করে বলেছিলেন, সাগরের এ অঞ্চল থেকে জলদস্যুদের তাড়িয়েছে নৌবাহিনী। সেই সঙ্গে ইরানসহ বিদেশি মালবাহী জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সক্ষম হয়েছে।#