১০ এপ্রিল ২০১৩ - ০৯:২৬
কাতিফে ‘আয়াতুল্লাহ আল-ফাদ্বলী’র জানাযা অনুষ্ঠিত

আয়াতুল্লাহ ড. আব্দুল হাদী আল-ফাদ্বলী’র জানাযা, সৌদি আরবের উল্লেখযোগ্য সংখ্যক আলেম ও বিপুল সংখ্যক জনতার অংশগ্রহণের মধ্য দিয়ে এদেশের কাতিফ প্রদেশের সিহাত শহরে অনুষ্ঠিত হয়েছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আয়াতুল্লাহ ড. আব্দুল হাদী আল-ফাদ্বলী’র জানাযায় অংশগ্রহণকারীরা তার জানাযা নিয়ে এ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাকে দাফনের স্থানে নিয়ে যায়।

আল-আহসা, আল-কাতিফ ও দাম্মামের বিভিন্ন অঞ্চল হতে হাজার হাজার আহলে বাইত (আ.) এর অনুসারী ও আলেম মহান এ আলেমের জানাযায় অংশগ্রহণ করতে সমবেত হয়। 

আল্লামার লাশ যে সকল সড়ক দিয়ে নিয়ে যাওয়া হয় সে সকল সড়কে ইমাম হুসাইন (আ.) লেখা বিভিন্ন পতাকা স্থাপন করা হয় এবং জানাযায় অংশগ্রহণকারীরা এ সময় বিলাপ করে ক্রন্দন করতে থাকে।

আল্লামা ফাদ্বলী দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত থাকার পর ৭৮ বছর বয়সে কাতিফ অঞ্চলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি জীবনের অধিকাংশ সময়ই ইসলামের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন।

শেইখ আব্দুল হাদী ১৯৩৫ সালে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর বসরার পার্শ্ববর্তী ‘সিবগাতুল আরাব’ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্বীয় পিতা ও অত্র অঞ্চলের বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ মীর্জা মুহসেন আল-ফাদ্বলী’র নিকট ধর্মীয় শিক্ষা চর্চা শুরু করেন। তিনি ছিলেন আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার উচ্চতর পরিষদের একজন সক্রিয় সদস্য।

পিতার নিকট ধর্মীয় পড়াশুনা শুরুর পর উচ্চতর পড়াশুনার জন্য তিনি নাজাফে আসেন এবং নাজাফের হাওযা ইলমিয়ায় পড়াশুনার পাশপাশি তিনি বাগদাদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা অব্যাহত রাখেন। এছাড়া তিনি জেদ্দার কিং আব্দুল্লাহ বিশ্ববিদ্যালয়ে সরফ ও নাহু’র উপরও পড়াশুনা করেন এবং কায়রো বিশ্ববিদ্যালয় হতে আরবিতে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন শহীদ আয়াতুল্লাহ মুহাম্মাদ বাকের সাদরের একজন ঘনিষ্ট বন্ধু।#