বার্তা সংস্থা আবনা : আমেরিকার পরমাণু অস্ত্রগুলোর আধুনিকায়ন চালিয়ে যেতে বাজেটে আরো অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
২০১৪ সালের মার্কিন বাজেট প্রস্তাবে ওবামার সরকার এই অনুরোধ জানিয়েছে। গতকাল (বুধবার) এই বাজেট প্রস্তাব তোলা হয়।
পারমাণবিক নিরস্ত্রীকরণ খাতে অর্থ বরাদ্দ কমিয়ে সেই অর্থই মার্কিন পরমাণু বোমার উন্নয়নে ব্যয় করতে চান ওবামা। অথচ মার্কিন সরকার অন্য দেশগুলোর পরমাণু অস্ত্র অর্জন ও বিস্তারের বিরোধিতা করে আসছে।
পারমাণবিক নিরস্ত্রীকরণে কথিত অবদান রাখার অজুহাতে ২০০৯ সালে ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল।
মার্কিন সরকার জনকল্যাণমূলক খাতে ও এমনকি প্রতিরক্ষার কয়েকটি খাতে ব্যয় কমানো সত্ত্বেও পরমাণু অস্ত্র খাতে ব্যয় বাড়িয়েছে ৭ শতাংশ যার পরিমাণ প্রায় ৫০ কোটি ডলার।
পরমাণু অস্ত্র উন্নয়ন খাতে মার্কিন সরকারের বর্তমান বাজেটের পরিমাণ ৭০০ কোটি ডলারেরও বেশি।
এদিকে যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণ খাতে ব্যয় কমাবে ২০ শতাংশ বা ৪৬ কোটি ডলার। আর প্রস্তাবিত নতুন বাজেটে এই খাতে ব্যয় করবে ২৫০ কোটি ডলার।
মার্কিন সরকার রাশিয়ার সঙ্গে কৌশলগত অস্ত্র হ্রাস চুক্তি বা স্টার্ট চুক্তি অনুযায়ী ২০১৮ সাল নাগাদ তার হাজার হাজার পরমাণু বোমা থেকে ১৫০০ বোমা হ্রাস করবে বলে কথা রয়েছে।#