১২ এপ্রিল ২০১৩ - ১৯:৩০
ইরানে ‘টাইম মেশিন’ উদ্ভাবনের দাবি : নিবন্ধনের খবর নাকচ

ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ নুরি রাষ্ট্রীয় উদ্ভাবন কেন্দ্রে ‘টাইম মেশিন’ নিবন্ধনের খবর নাকচ করেছেন।

বার্তা সংস্থা আবনা : ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তি বিষয়ক উপমন্ত্রী মুহাম্মদ মেহদিনেজাদ নুরি রাষ্ট্রীয় উদ্ভাবন কেন্দ্রে ‘টাইম মেশিন’ নিবন্ধনের খবর নাকচ করেছেন। তিনি আজ (শুক্রবার) ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজকে বলেছেন, যে কেউ বৈজ্ঞানিক উদ্ভাবনের দাবি করতে পারেন। কিন্তু দেশে এ ধরনের উদ্ভাবন নিবন্ধনের জন্য সুস্পষ্ট আইনি প্রক্রিয়া আছে এবং নিবন্ধনের জন্য বৈজ্ঞানিক প্রমাণপত্র প্রয়োজন হয়।

ইরানের তরুণ বিজ্ঞানী আলী রাজেকি ‘টাইম মেশিন’ উদ্ভাবন ও নিবন্ধনের দাবি করার পর মন্ত্রী এসব কথা বললেন। 

সম্প্রতি ২৭ বছর বয়সী ওই ইরানি বিজ্ঞানী এমন একটি যন্ত্র উদ্ভাবনের দাবি করেছেন, যা ব্যবহার করে কোনো ব্যক্তি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারবে। সর্বোচ্চ আট বছর পরে কী হবে, সে সম্পর্কে যন্ত্রটি প্রায় নির্ভুল তথ্য দেবে বলে আলী রাজেকি দাবি করেছেন। তার দাবি, অনেকগুলো জটিল গণনাপ্রণালীর মাধ্যমে যন্ত্রটি ৯৮ শতাংশ সঠিক তথ্য দিতে সক্ষম।#