বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা সামরিক আগ্রাসন চালালে ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না আজারবাইজান। এ কথা বলেছেন, আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইলমান আব্দুল্লায়েভ।
তিনি জানান, যদি ইসরাইল এবং আমেরিকা ইরানের ওপর হামলা চালায় তাহলে আজারবাইজান কোনো পক্ষ নেবে না বরং নিরপেক্ষ থাকবে। অবশ্য, ইরানের ওপর যেকোনো ধরনের সামরিক অভিযানের বিরোধিতা করে ইলমান আব্দুল্লায়েভ বলেন, আজারবাইজান আশা করে- পরমাণু কর্মসূচি নিয়ে তেহরানের সঙ্গে পশ্চিমা দেশগুলোর যে দ্বন্দ্ব রয়েছে তা কূটনৈতিক উপায়ে মীমাংসা করা উচিত।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকা প্রায়ই তেহরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিচ্ছে। তবে, ইরানও বলে দিয়েছে- কোনো ধরনের হামলার চেষ্টা হলে ইসরাইলকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত মার্কিন ঘাঁটি পরিণত হবে ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে।