বার্তা সংস্থা আবনা : পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের গ্রেফতার ও রিমান্ডের পর তার দল অল পাকিস্তান মুসলিম লীগ এখন সেনাবাহিনীর হস্তক্ষেপ চাইছে। মুশাররফের ঘনিষ্ঠ সহযোগী অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রশিদ কোরেশি দেশটির সামরিক বাহিনীর নেতৃত্বের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি এ কথা জানিয়েছেন।
জেনারেল রশিদ কোরেশি বলেন, “অনেক হয়েছে; সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব এখন রাস্তায় নেমে আসবে। কোনোভাবেই বিচারবিভাগের রাজনৈতিক এজেন্ডা মেনে নেয়া হবে না।” একইসঙ্গে পারভেজ মুশাররফ আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
গ্রেফতারের পর জেনারেল মুশাররফ সেনাবাহিনীর সাবেক ও বর্তমান বেশ কয়েকজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তার কাছ থেকে ফোন পেয়েছেন বলেও দাবি করেন মেজর জেনারেল রশিদ কোরেশি। তিনি আশা করেন, আগামী সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে এবং মুশাররফ জামিন পাবেন।
তবে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ বা আইএসপিআর’র এক শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ ঘটনা নিশ্চিত করতে পারেননি। তিনি বলেছেন, এখন পর্যন্ত এ ধরনের কোনো অনুরোধ তারা পাননি।