বার্তা সংস্থা আবনা : ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক উপস্থিতির মাধ্যমে ভোটাররা শত্রুদের কোমর ভেঙে দেবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ।
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে এক বিশাল সমাবেশে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এ কথা বলেন।
তিনি জানান, আগামী ১৪ জুনের এ নির্বাচনে পাঁচ কোটি ভোটার ভোট দেবে এবং এতে শত্রুদের মেরদণ্ড ভেঙে যাবে। নির্বাচনের বিজয়ী প্রার্থী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ঘটনা প্রবাহে পরিবর্তন আনতে পারবেন বলেও তিনি আশা করেন।
ড. আহমাদিনেজাদ বলেন, শত্রুরা ইরানের ওপর অবরোধ চাপিয়ে দিয়েছে এই আশায় যে, ইরানি জাতি তাদের কাছে নতজানু হবে কিন্তু শত্রুদের সে আশা পূর্ণ হবে না। গত নির্বাচনের সময়ও শত্রুরা ইরানি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্র করেছিল তবে তা ব্যর্থ হয়। তাদের জানা উচিত- বিশ্বের সব শয়তান জড়ো করলেও ইরানকে পরমাণু জ্ঞান থেকে বিচ্ছিন্ন করা যাবে না।
আমেরিকা, ইসরাইল ও তাদের পশ্চিমা মিত্ররা ইরানকে পরমাণু প্রযুক্তি অর্জন থেকে দূরে রাখার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে। এ জন্য ইরানের বেশ কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে তারা শহীদ করেছে।