বার্তা সংস্থা আবনা : সিরিয়ার কথিত বিরোধী খ্রিস্টান নেতা জর্জ সাবরা অভিযোগ করেছেন, বিদেশি মদদপুষ্ট সিরিয় বিদ্রোহীদের বিরুদ্ধে লেবাবনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যুদ্ধ ঘোষণা করেছে। সাবরা বলেন, হোমসের কুসাইরে যা হচ্ছে তাতে তাই-ই মনে হয়।
তিনি এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হিজবুল্লাহ যোদ্ধারা সিরিয়ার সীমান্ত পেরিয়ে বিভিন্ন শহর-নগরে ঢুকে পড়ছে।
সিরিয়ার বিরোধী জোটের নেতা মুয়াজ আল-খাতিব পদত্যাগের পর সাবরা অন্তর্বর্তী প্রেসিডেন্ট মনোনীত হয়েছেন। এরপরই তিনি সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করলেন।
হিজবুল্লাহ’র শীর্ষ পর্যায়ের নেতা শেখ নাবিল কুয়াক এর আগে বলেছেন, সিরিয়া সীমান্তে লেবাননী নাগরিকদের ওপর যে সন্ত্রাসী হামলা হচ্ছে তা থেকে বাঁচানো হিজবুল্লাহ’র জাতীয় ও নৈতিক দায়িত্ব। তিনি আরো বলেন, হিজবুল্লাহ’র সদস্য হিসেবে যারা শহীদ হয়েছেন তারা পুরো জাতির শহীদ কারণ তারা লেবাননবাসীকে বাঁচানোর চেষ্টা করছেন।