২৫ এপ্রিল ২০১৩ - ০৯:৫৮
বসরার সাংস্কৃতিক প্রদর্শনীতে মাজমা’র অংশগ্রহণ

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মেলা ও প্রদর্শনী বিষয়ক বিভাগের প্রধান, ইরাকের বসরা শহরে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রদর্শনীতে অংশগ্রহণের প্রতি ইশারা করে বলেছেন : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রকাশণা বিভাগ, বিভিন্ন দেশে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রদর্শনীসমূহে অংশগ্রহণের কর্মসূচীর আওতায় বসরায় আয়োজিত ‘ইরানের সাংস্কৃতিক প্রদর্শনীতে’ অংশগ্রহণ করছে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার প্রকাশনা বিভাগ বিভিন্ন দেশে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রদর্শনীসমূহে অংশগ্রহণের কর্মসূচীর আওতায় ইরাকের বসরা শহরে আয়োজিত ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক প্রদর্শনী’তে অংশগ্রহণ করছে।

হুজ্জাতুল ইসলাম এহসান শুজায় রব্বানী ইরাকের বসরা শহরে আয়োজিত সাংস্কৃতিক মেলায় মাজমা (আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা)-এর অংশগ্রহণের প্রতি ইঙ্গিত করে বলেন : এ প্রদর্শনী ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার পরিচালক ‘মুহাম্মাদ বাকের খুররাম শাদ’-এর উপস্থিতিতে বসরার ইমাম মুসা কাযিম (আ.) মসজিদে অনুষ্ঠিত হচ্ছে।

আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মেলা ও প্রদর্শনী বিভাগের প্রধান বলেন : বসরায় অবস্থানরত ইরানি বাণিজ্য দূত ও বসরার বিভাগীয় প্রশাসকের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ইরানের ২০টি সংস্থা অংশগ্রহণ করছে। এগুলোর মধ্যে ‘আল-মুস্তাফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়’, আনসারিয়ান পাবলিকেশন্স এবং ইমাম খোমেনী’র রচনা সংকলন ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখযোগ্য।

প্রদর্শনীতে ইরাকের আলেম-ওলামা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ভীড় জমাচ্ছেন –এ কথা উল্লেখ করে তিনি বলেন : আগত দর্শনার্থী সংখ্যা বেশী হওয়ার কারণে প্রদর্শনীর মূল স্থান ছাড়াও কিছু কিছু স্টল বসরা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে স্থাপন করতে হয়েছে।

এ প্রদর্শনীতে আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার সাথে ‘আবরারে মুয়াসিরান’ আন্তর্জাতিক সংস্থার সহযোগিতার কথা উল্লেখ করে শুজা রব্বানী এ প্রদর্শনীতে মাজমার প্রতিনিধিবৃন্দ ‘জনাব কামাল নেজাদ’ ও ‘জনাব সৈয়দ যামান হুসাইনী’র প্রতি ধন্যবাদ জানান।

বলাবাহুল্য, আহলে বাইত (আ.) বিশ্বসংস্থা ৫০টিরও অধিক ভাষায় ১ সহস্রাধিক গ্রন্থ নিয়ে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। মাজমা হতে প্রকাশিত গ্রন্থাবলি মূলতঃ ইসলামি শিক্ষা এবং আহলে বাইত (আ.) এর মাযহাবের প্রসারের উদ্দেশ্যে প্রকাশিত হয়। স্টলে প্রদর্শিত গ্রন্থসমূহের মধ্যে অন্যান্য ভাষার চেয়ে আরবি ভাষার গ্রন্থের সংখ্যা বেশী ছিল।