বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের আকাশ সীমায় ড্রোন পাঠানোর কথা পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে লেবাবনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। হিজবুল্লাহ ড্রোন পাঠিয়েছে বলে এর আগে দাবি করেছিলেন ইহুদিবাদী ইসরাইলের সেনা কর্মকর্তারা।
তারা দাবি করেছিলেন, দক্ষিণাঞ্চলীয় বন্দর হাইফার কাছে হিজবুল্লার একটি পাইলট বিহীন বিমান বা ড্রোন গুলি করে ভুপাতিত করা হয়েছে।
ইহুদিবাদী ইসরাইলের এক সেনা মুখপাত্র দাবি করেন, লেবাননের আকাশ সীমায় থাকার সময় ড্রোনটিকে চিহ্নিত করা হয় এবং বৃহস্পতিবার ইসরাইলি একটি এফ-১৬ বিমান হাইফা বন্দরের নয় কিলোমিটার দূরে ড্রোনটিকে ভূপাতিত করে।
কথিত ড্রোনটি ইসরাইলি আকাশ সীমায় ঢোকার পর ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে বহনকারী একটি বিমানকে সর্তকতামূলক ভাবে দ্রুত ভূমিতে নামিয়ে আনা হয়। ইসরাইলের উত্তরাঞ্চলে অবস্থিত দ্রুজ সম্প্রদায়কে পরিদর্শনের যাচ্ছিলেন নেতানিয়াহু।
এক বিবৃতিতে নেতানিয়াহু এ ঘটনাকে ‘খুবই মারাত্মক’ বলে অভিহিত করেছেন।