৩০ এপ্রিল ২০১৩ - ০১:৪৫
‘ইসলামি জাগরণে বৃহত্তর ইসলামি সভ্যতা গড়ে উঠবে’

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মধ্যপ্রাচ্যের ইসলামি গণ-জাগরণকে রক্ষা করা সম্ভব হলে বৃহত্তর ইসলামি সভ্যতা গড়ে উঠবে।

বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, মধ্যপ্রাচ্যের ইসলামি গণ-জাগরণকে রক্ষা করা সম্ভব হলে বৃহত্তর ইসলামি সভ্যতা গড়ে উঠবে।

তিনি ফিলিস্তিন ইস্যুকে ইসলামি জাগরণের জন্য মানদণ্ড বলেও উল্লেখ করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতা আজ (সোমবার) 'ওলামা সমাবেশ ও ইসলামি জাগরণ' শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে এসব কথা বলেছেন। 

তিনি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ইসলামি জাগরণের জন্য নানা চ্যালেঞ্জ বা সমস্যাগুলো চিহ্নিত করে বলেছেন, ইসলামি নীতিমালার ওপর অবিচলতা ও ময়দানে জনগণের সক্রিয় উপস্থিতি বজায় রাখা শত্রুদের সব ধরনের ষড়যন্ত্র বানচালের প্রধান চালিকাশক্তি।

মধ্যপ্রাচ্যের চলমান ইসলামি জাগরণকে শত্রুরা সাম্প্রদায়িক ও জাতিগত সংঘাতে পরিণত করার যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

সর্বোচ্চ নেতা বলেন, ইসলামি জাগরণের বিষয়টি বর্তমানে মুসলিম বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বিস্ময়কর বিষয় এবং মহান আল্লাহর ইচ্ছায় এ জাগরণ টিকে থাকলে নিকট ভবিষ্যতেই ইসলামি সভ্যতা গড়ে উঠবে।

তিনি আরো বলেন, সাম্রাজ্যবাদী ও প্রতিক্রিয়াশীল শক্তিগুলোর মুখপাত্ররা 'ইসলামি জাগরণ' শব্দটি উচ্চারণ করতেও ভয় পাচ্ছে। তবে, ইচ্ছাকৃতভাবে এ শব্দটি বর্জন করা হলেও ইসলামি জাগরণ এখন এক অনস্বীকার্য বাস্তবতা।