১ মে ২০১৩ - ১৯:৩০
হামলার অপ্রত্যাশিত জবাব পাবে ইসরাইল: জিহাদ আন্দোলন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার অপ্রত্যাশিত জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল।

বার্তা সংস্থা আবনা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় সাম্প্রতিক হামলার অপ্রত্যাশিত জবাব পাবে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন গতকাল (মঙ্গলবার) এ ঘোষণা দিয়েছে।

ইসলামি জিহাদ আন্দোলনের সামরিক শাখা কুদস ব্রিগেডের মুখপাত্র আবু আহমাদ বলেছেন, জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের সাম্প্রতিক হামলার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে। তিনি আরো বলেন, হামাস ও জিহাদ আন্দোলনের হাতে সম্প্রতি ইসরাইলি বাহিনী পরাজিত হওয়ার পর নতুন করে গাজায় হামলা শুরু করেছে।

গতকাল দিনের প্রথম দিকে ইসরাইলি বিমান থেকে গাজার শাতি উদ্বাস্তু শিবিরের কাছে হামলা চালানো হয়। এতে একজন শহীদ ও একজন আহত হন। এ হামলার পর ২৯ বছর বয়সী হাইথাম আল-মিশআলের লাশ নিয়ে হাজার হাজার ফিলিস্তিনি গাজা শহরে বিক্ষোভ করে।

এর আগে, গত ২৮ এপ্রিল ইসরাইলি বিমান থেকে গাজার খান ইউনুস শহরে হামলা চালায়। তবে,  ওই হামলায় কেউ হতাহত হয়নি।