বার্তা সংস্থা আবনা : কিরগিজিস্তানে মর্কিন সামরিক পরিবহন বিমান কেসি-ওয়ান থার্টি ফাইভ বিধ্বস্ত হয়েছে। বিমানটি কিরগিজিস্তানের মানাস সামরিক ঘাঁটি থেকে ওড়ার পর কিছুক্ষণ পর ১৬০ কিলোমিটার পশ্চিমে চালদোভার গ্রামের কাছে বিধ্বস্ত হয় এবং তিন টুকরো হয়ে যায়।
কিরগিজিস্তানের জরুরি মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে। তবে, হতাহতের কোনো খবর প্রকাশ করা হয়নি।
এর আগে, গত সোমবার আফগানিস্তানের বাগরাম ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পর আরেকটি মার্কিন সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে সাত ক্রু মারা যান।
কিরগিজিস্তানের মানাস বিমান ঘাঁটিটি আফগানিস্তানে সামরিক অভিযান পরিচালনার জন্য ব্যবহার করে থাকে মার্কিন বাহিনী।
কিরগিজিস্তান থেকে আজ (শুক্রবার) বিমানটি জ্বালানি তেল নিয়ে ওড়ার পর রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন লাগা অবস্থায় ইঞ্জিনটি বাঁচানোর চেষ্টা করেছেন পাইলট। তবে, শেষ পর্যন্ত সেটি একটি নির্জন এলাকায় মুখ থুবড়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা কোনো প্যারাস্যুট দেখতে পাননি। সে কারণে ধারণা করা হচ্ছে- জ্বালানি বহনকারী এ বিমানটির সব আরোহী মারা গেছেন।