বার্তা সংস্থা আবনা : পাকিস্তানের আসন্ন জাতীয় ও প্রাদেশিক পরিষদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফের দল। আগামী ১১ মে এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
নির্বাচনে জেনারেল মুশাররফ প্রার্থী হলেও তা বাতিল করা হয়েছে। মূলত কয়েকটি মামলার কারণে নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলা এবং অবৈধভাবে সংবিধান স্থগিত ও সেনাশাসন জারি করার অভিযোগ রয়েছে। এ ছাড়া, ২০০৭ সালে ৬০ জন বিচারপতিকে তিনি গৃহবন্দি করেছিলেন তা নিয়েও মামলা চলছে আদালতে। বর্তমানে মুশাররফ রিমান্ড ও গৃহবন্দি অবস্থায় রয়েছেন।
নির্বাচন বয়কট নিয়ে মুশাররফের দল অল পার্টি মুসলিম লীগের এক মুখপাত্র জানান, গত মঙ্গলবার আদালত জেনারেল মুশাররফকে সারাজীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করার পর দল নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
দলের তথ্য সম্পাদক আইসিয়া ইশহাক বলেন, “আমরা আদালতের কাছ থেকে বিচার আশা করেছিলাম কিন্তু তার পরিবর্তে পারভেজ মুশাররফকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আমরা মনে করি বর্তমান নির্বাচন কমিশনের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”