বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলি জঙ্গিবিমান সিরিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে বলে কয়েকটি মার্কিন গণমাধ্যম খবর দিয়েছে। এসব মাধ্যম বলেছে, এসব জঙ্গিবিমান 'খুব সম্ভবত' সিরিয়ার ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
সিরিয়ার সেনাবাহিনী যখন বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে তখন এ হামলার খবর এল।
নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, তেল আবিব হয়ত বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে কোনো এক সময় এ বিমান হামলা চালিয়েছে। অবশ্য ইহুদিবাদী জঙ্গিবিমানগুলো সিরিয়ার আকাশ সীমায় ঢোকেনি।
মার্কিন সূত্রের বরাত দিয়ে সিবিএস নিউজ বলেছে, ইহুদিবাদী ইসরাইলের বিমানগুলো একটি গুদামে হামলা চালিয়েছে। অবশ্য সিরিয়া আনুষ্ঠানিকভাবে এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি এবং ইহুদিবাদী ইসরাইলও কিছু জানায়নি।
জাতিসংঘে নিযুক্ত সিরিয় রাষ্ট্রদূত বাশার জাফরি বলেছেন, তিনি এখনও এ হামলার বিষয়ে কিছু জানেন না। এ ছাড়া, পেন্টাগনও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে।
মার্কিন টিভি চ্যানেল সিএনএনও বলেছে, পেন্টাগন যে সব তথ্য সংগ্রহ করেছে তাতে দেখা যায় ইসরাইলি জঙ্গিবিমানগুলো কথিত হামলার সময় লেবাননের আকাশ দিয়ে উড়ে গেছে।
চলতি বছরের জানুয়ারি মাসেও ইসরাইলি জঙ্গিবিমান সিরিয়ায় অবস্থিত একটি গবেষণা স্থাপনায় হামলা করেছে।
এদিকে সিরিয়ার সেনাবাহিনী লেবানন সীমান্ত সংলগ্ন আল-কুয়াসাইর এলাকায় অগ্রাভিযান অব্যাহত রেখেছে এবং জোউসিয়া শহরে নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠা করছে।
সিরিয় সেনাবাহিনী এরই মধ্যে লেবাননের সীমান্তবর্তী দু'টি কৌশলগত চেক পয়েন্ট নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে।