৫ মে ২০১৩ - ১০:৫০

সিরিয়া বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠের একটি সামরিক গবেষণা কেন্দ্রে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা করেছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়া বলেছে, রাজধানী দামেস্কের উপকণ্ঠের একটি সামরিক গবেষণা কেন্দ্রে ইহুদিবাদী ইসরাইল বিমান হামলা করেছে। শুক্রবার সিরিয়ার অস্ত্রের একটি গুরুত্বপূর্ণ চালানের ওপর হামলার কথা ইহুদিবাদী ইসরাইল স্বীকার করার পরই নতুন করে এ হামলা চালানো হল।

গতরাতে দামেস্কের উপকণ্ঠের জামরাইয়া গবেষণা কেন্দ্রের ওপর রকেট হামলা চালানো হয় বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা 'সানা।' অবশ্য হামলায় কোনো হতাহত হয়েছে কিনা তা জানানো হয়নি।

এদিকে সিরিয়ার টেলিভিশন বলেছে, দামেস্কের কাছে অবস্থিত গোতা এলাকায় সশস্ত্র বিদ্রোহীদের ঘিরে ফেলা হয়েছে এবং এ অবরোধ ভাঙ্গার জন্যেই ইহুদিবাদী ইসরাইল এ হামলা করেছে।

অর্থাত সিরিয়ার সেনাবাহিনী যখন বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের কাছ থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এলাকা পুনর্দখল করেছে তখন এ সব হামলার খবর পাওয়া গেল।

চলতি বছরের জানুয়ারি মাসেও ইসরাইলি জঙ্গিবিমান সিরিয়ায় অবস্থিত একটি গবেষণা স্থাপনায় হামলা করেছে।