৬ মে ২০১৩ - ১৯:৩০
‘সিরিয়ায় বিদ্রোহীরা নার্ভ গ্যাস ব্যবহার করেছে’

জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, সিরিয়ায় বিদ্রোহীরা নার্ভ গ্যাস সারিন ব্যবহার করেছে।

বার্তা সংস্থা আবনা : জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, সিরিয়ায় বিদ্রোহীরা নার্ভ গ্যাস সারিন ব্যবহার করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও সিরিয়ার চিকিতসা কর্মীরা এ সংক্রান্ত তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তারা।

জাতিসংঘ স্বতন্ত্র তদন্ত কমিশনের সদস্য ক্লারা ডেন পন্টে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন। তিনি আরো বলেছেন, সিরিয়ার সরকারি বাহিনীর রাসায়নিক অস্ত্র ব্যবহারের কোনো আলামত এ তদন্ত কমিশন পায়নি।

সিরিয়ার প্রতিবেশী দেশগুলোতে অবস্থিত ক্ষতিগ্রস্ত ব্যক্তি, চিকিতসকদের সঙ্গে কথা বলে এবং ফিল্ড হাসপাতালগুলোতে তদন্ত করে তারা এ সিদ্ধান্তে পৌঁছেছে বলেও জানান তিনি।

ক্লারা ডেন পন্টে এক টেলিভিশন সাক্ষাতকারে আরো বলেন, সারিন গ্যাস ব্যবহার হয়েছে বলে জোরালো ভাবে সন্দেহ করা হচ্ছে কিন্তু এ সংক্রান্ত কোনো অকাট্য আলামত বা প্রমাণ এখনো পাওয়া যায়নি। এই রাসায়নিক অস্ত্র

সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা ব্যবহার করেছে; দামেস্ক সরকার এ ধরণের কিছু ব্যবহার করেনি।

গত কিছুদিন ধরে আমেরিকাসহ পশ্চিমা কয়েকটি দেশ এবং ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার আসাদ সরকারের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের ধুয়া তুলেছে। তবে দামেস্ক এ অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে বলেছে- সিরিয়ার বিরুদ্ধে সামরিক হামলার অজুহাত খুঁজছে শত্রুরা। দামেস্ক আরো বলেছে, বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরাই রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে।

জাতিসংঘ ইশতেহার ৬৮৭ মোতাবেক সারিনকে গণ বিধ্বংসী অস্ত্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।