বার্তা সংস্থা আবনা : সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফায়সাল আল-মিকদাদ বলেছেন, তার দেশের ওপর ইহুদিবাদী ইসরাইল যদি আবার হামলা চালায় তাহলে তেল আবিবকে ভুগতে হবে। শুক্র ও রোববার সিরিয়ার ওপর দু’দফা বিমান হামলা চালানোর পর সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী এ বক্তব্য দিলেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া একান্ত সাক্ষাতকারে মিকদাদ বলেন, “যখন তারা হামলা চালিয়েছে তখন এটা যুদ্ধ ঘোষণা; এটা নতুন কিছু নয়।”
তিনি আরো বলেন, “আমরা বেশ কয়েকবার এ পরিস্থিতির মুখে পড়েছি; আমরা তার প্রতিশোধ নিয়েছি এবং আমরা আবার হামলার প্রতিশোধ নেব যা হবে তেল আবিবের জন্য দুঃখজনক।”
গতকাল রাজধানী দামেস্কের জামরাইয়া সামরিক গবেষণা প্রতিষ্ঠানে বিমান হামলা চালানোর পর সিরিয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। এতে বলা হয়েছে- এ হামলার মাধ্যমে প্রমাণিত হয়েছে- সিরিয়ার বিদ্রোহী ও আল-কায়েদার সহযোগী আন-নুসরা সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে ইসরাইলের যোগসাজশ রয়েছে।
গতকালের হামলার পর সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান আজ-জোবি সাংবাদিকদের বলেছেন, সব ধরনের উপায় ব্যবহার করে সিরিয়ার জনগণকে রক্ষা করার অধিকার ও দায়িত্ব তার সরকারের রয়েছে।