৯ মে ২০১৩ - ০১:২৪
কৌশলগত শহর পুনর্দখল করেছে সিরিয়ার সেনাবাহিনী

সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় কৌশলগত শহর খিরবেত গাজালেহ'র নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়ার সেনাবাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় কৌশলগত শহর খিরবেত গাজালেহ'র নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে।  বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের পর আজ (বুধবার) শহরটি সরকারের নিয়ন্ত্রণে ফিরে এল।

জর্দানের সীমান্তবর্তী শহরটিতে গত প্রায় দু'মাস ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল। শহরটি থেকে অন্তত এক হাজার বিদ্রোহী পিছু হটে গেছে বলে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে।

একটি সূত্র জানিয়েছে, সীমান্তের ওপার থেকে জর্দান বিদ্রোহীদেরকে প্রয়োজনীয় অস্ত্রসস্ত্র ও রসদ সরবরাহ না করার কারণে তারা পিছু হটে যেতে বাধ্য হয়েছে। এতদিন জর্দানের পৃষ্ঠপোষকতায় বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীরা খিরবেত গাজালেহ শহরটি দখল করে রেখেছিল।

সাম্প্রতিক সময়ে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে বেশ কয়েকটি সাফল্য পেয়েছে। গত ৪মে সেনাবাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো শহরের কাছে আযিযা ও তাল আসান শহর দুটি পুনর্দখল করে। সেনাবাহিনী আযিযা শহরের নিচে বিদ্রোহীদের খনন করা কয়েকটি টানেল আবিষ্কার করে। এসব টানেল দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো আলেপ্পো প্রদেশের সঙ্গে  দেশের অন্যান্য শহরের ভূগর্ভস্থ যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

এ ছাড়া, গতকাল রাজধানী দামেস্কের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ গৌতা এলাকাটি পুনর্দখল করে সিরিয়ার সেনাবাহিনী। ওই অভিযানে বহু বিদ্রোহী নিহত হয়।