৯ মে ২০১৩ - ১৯:৩০
ইসরাইলের নতুন হামলার জবাব দেয়া হবে: সিরিয়া

ইহুদিবাদী ইসরাইলের নতুন যেকোনো হামলার তাতক্ষণিক জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে সিরিয়া।

বার্তা সংস্থা আবনা : ইহুদিবাদী ইসরাইলের নতুন যেকোনো হামলার তাতক্ষণিক জবাব দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে সিরিয়া। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ এ কথা ঘোষণা করেছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে দেয়া এক সাক্ষাতকারে মিকদাদ বলেন, নতুন করে কোনো রকম হামলা হলে ওপর মহলের সঙ্গে পরামর্শ ছাড়াই সিরিয়ার সামরিক বাহিনী জবাব দেবে বলে পরিষ্কার নির্দেশনা দেয়া হয়েছে। তিনি জানান, সিরিয়ার সেনাবাহিনীর জবাব হবে কঠিন এবং ইসরাইলের জন্য তা হবে বেদনাদায়ক।

লেবাবননের হিজবুল্লাহ যোদ্ধাদের কাছে পাঠানো অস্ত্রের চালানের ওপর সাম্প্রতিক  হামলা হয়েছে বলে ইহুদিবাদী ইসরাইল যে দাবি করছে তাও নাকচ করে দেন মিকদাদ।

এ সম্পর্কে সিরিয়ার মন্ত্রী বলেন, “তারা যা চেয়েছিল সে লক্ষ্য অর্জিত হয়নি এবং যখন তারা বলছে হিজবুল্লাহর কথা তখন তা নিতান্তই মিথ্যা।” তিনি সুস্পষ্ট ভাষায় জানিয়ে দেন- এ ধরনের হামলা মেনে নেয়ার সুযোগ সিরিয়ার সামনে আর নেই।

গত শুক্র ও রোববার ইসরাইলি বিমানবাহিনী দু’দফা সিরিয়ার ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রোববারের হামলায় দামেস্কের কাছে দেশটির একটি সামরিক গবেষণা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে।