১১ মে ২০১৩ - ১৯:৩০
সিরিয়া সীমান্তবর্তী তুর্কি শহরে বোমা হামলা; নিহত ৪০

সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের রেইহানলি শহরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও একশ’র বেশি মানুষ আহত হয়েছে।

বার্তা সংস্থা আবনা : সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের রেইহানলি শহরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও একশ’র বেশি মানুষ আহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী মুয়াম্মার গুলার এ খবর নিশ্চিত করেছেন। স্থানীয় গণমাধ্যমও একই খবর দিয়েছে।

বিস্ফোরণের পর প্রাথমিকভাবে বলা হয়েছিল পাঁচ জন মারা গেছে। কিন্তু এখন মৃতের সংখ্যা বেড়ে ৪০-এ দাঁড়িয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রেইহানলি শহরটি তুরস্কের হেতাই প্রদেশে অবস্থিত এবং সিরিয়া সীমান্তবর্তী চেক পয়েন্ট থেকে এর দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার।

সিরিয়ায় যখন সরকারি বাহিনী বিদেশি মদদপুষ্ট বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তখন এ হামলার ঘটনা ঘটলো। তুরস্ক হচ্ছে সিরিয়ার বিদ্রোহীদের অন্যতম প্রধান আঞ্চলিক মদতদাতা ও পৃষ্ঠপোষক।