১৫ মে ২০১৩ - ১২:১৩
আয়াতুল্লাহ ইজ্জুদ্দীন যানজানীর ইন্তেকাল

ইরানের পবিত্র মাশহাদ নগরীর বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ্ ইজ্জুদ্দীন যানজানী গতকাল ভোরে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইমাম হাদী (আ.) এর শাহাদাতের দিনে আয়াতুল্লাহ আল-উজমা ইজ্জুদ্দীন হুসাইনী যানজানী পরলোক গমন করেছেন।

আল্লামা তাবাতাবায়ী ও আয়াতুল্লাহ আল-উজমা বুরুজেরদী’র ছাত্র পবিত্র মাশহাদ নগরীর বিশিষ্ট এ আলেম গতকাল ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি বিগত দুই মাস ধরে অসুস্থ থাকার পর চিকিত্সারত অবস্থায় গতকাল -১৪ই মে- ভোরে ইন্তেকাল করেছেন।

ইরানের অত্যাচারী রেজা শাহ পাহলাভি সরকারের বিরুদ্ধে প্রতিরোধে তার অবদান অনস্বীকার্য, এছাড়া ইরানে ইসলামি বিপ্লব বিজয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন।

মরহুমের জানাযায আগামীকাল (১৬ই মে) সকাল ৮:৩০ মিনিটে ‘হাওয-এ লোকমান’ মসজিদ হতে ইমাম আলী ইবনে মুসা আর-রেজা (আ.) এর মাজারের দিকে উত্তোলিত হবে এবং ইমামের মাজার প্রাঙ্গনেই তাকে দাফন করা হবে। বিশিষ্ট এ ফকীহ সৌরবর্ষের ১৩০০ সনে ইরানের যানজান শহরে জন্মগ্রহণ করেন।