বার্তা সংস্থা আবনা : ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে শ্রীলঙ্কায় সাতজন নিহত ও ১০ জন হয়েছে। এ ছাড়া, এরইমধ্যে ঘর-বাড়ি ছাড়া হয়েছে হাজার হাজার মানুষ। আর তিন জন নিখোঁজ রয়েছে বলে শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা খবর দিয়েছেন।
মহাসেনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত এবং ভূমিধসের ঘটনা ঘটেছে। গভীর নিম্নচাপের ফলে বঙ্গোপসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড় আজই বাংলাদেশ ও প্রতিবেশি মিয়ানমারে আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে। বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দর এলাকায় সাত নম্বর বিপদ সঙ্কেত জারি করা হয়েছে।
জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে- ঘূর্ণিঝড় মহাসেন কিছুটা দুর্বল হয়েছে তবে এখনো তা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। মহাসেনের আঘাতে বাংলাদেশ, মিয়ানমার ও ভারতের অন্তত ৮২ লাখ মানুষ হুমকির মুখে রয়েছে।
এর আগে, গতকাল (মঙ্গলবার) ঘূর্ণিঝড় মহাসেনের আঘাত থেকে বাঁচার জন্য মিয়ানমারের রাখাইন প্রদেশ হতে রোহিঙ্গা মুসলমানদের সরিয়ে নেয়ার সময় নৌকাডুবিতে অন্তত ২০০ মানুষ মারা গেছে। জাতিগত শুদ্ধি অভিযান ও উগ্র বৌদ্ধদের হামলা থেকে বাঁচার জন্য অন্তত এক লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলমান ততাবুতে বসবাস করছে। এরা সবাই ঝুঁকির মুখে পড়েছে বলে জানা গেছে।