বার্তা সংস্থা আবনা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের একেবারে সীমান্তে দখলদার আমেরিকা একটি সেনা ঘাঁটি নির্মাণ করছে।
ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভি এ খবর দিয়েছে। কাবুল থেকে পাঠানো খবরে বলা হয়েছে- আফগানিস্তানের ফারাহ প্রদেশের চাহলাং এলাকায় এ ঘাঁটি তৈরি হচ্ছে। ঘাঁটির দূরত্ব ইরান সীমান্ত থেকে মাত্র তিন কিলোমিটার। এরইমধ্যে ঘাঁটির স্থানে কয়েকটি সুড়ঙ্গ তৈরি এবং একটি যোগাযোগ টাওয়ার নির্মাণ করা হয়েছে।
এর আগে গত ৯ মে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, আমেরিকা তার দেশে অন্তত ৯টি ঘাঁটি রাখতে চায়। এ বিষয়ে আফগান সরকারের সঙ্গে ওয়াশিংটনের সতর্ক আলোচনা চলছে। এরপর গত বৃহস্পতিবার হোয়াইট হাউজের মুখপাত্র জে কারনি বলেন, তার দেশ আফগানিস্তানে কোনো ঘাঁটি প্রতিষ্ঠা করতে চায় না।
জে কারনির এ বক্তব্যের প্রতিবাদ করে আফগান প্রেসিডেন্টের মুখপাত্র এমাল ফেইজি জানান, আমেরিকা এরইমধ্যে ঘাঁটি তৈরির জন্য কয়েকটি শহর পছন্দ পর্যন্ত করে ফেলেছে।