১৬ মে ২০১৩ - ১৯:৩০
‘আহত সেনাদের চিকিতসা ব্যয়ে ফতুর হবে আমেরিকা’

ইরাক ও আফগানিস্তানে আহত হওয়া প্রতিটি সেনার জন্য মার্কিন সরকারকে আগামী দিনগুলোতে ২০ লাখ ডলার খরচ করতে হবে।

বার্তা সংস্থা আবনা : ইরাক ও আফগানিস্তানে আহত হওয়া প্রতিটি সেনার জন্য মার্কিন সরকারকে আগামী দিনগুলোতে ২০ লাখ ডলার খরচ করতে হবে।

গত মার্চ মাসে হার্ভাড কেনেডি স্কুল পরিচালিত এক গবেষণার ফলাফলে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে- ইরাক ও আফগানিস্তানে আট লাখ ৬৬ হাজার ১৮১ জন সেনা আহত হয়েছে এবং তাদের মাথাপিছু চিকিতসা খরচ হবে প্রায় ২০ লাখ ডলার।

সে হিসাবে মোট আহত সেনার চিকিতসা বাবদ খরচ হবে ১.৭ ট্রিলিয়ন ডলার। এরইমধ্যে এসব আহত সেনার জন্য বরাদ্দ দেয়া হয়েছে আটশ’ বিলিয়ন ডলার। তবে, খরচ এখানেই শেষ হবে না, পেন্টাগনের হিসাব মতে এ সংখ্যায় আরো ৫০ হাজার আহত সেনা যোগ হবে। আগামী ৪০ বছর ধরে মার্কিন সরকারের এ ব্যয় চলতেই থাকবে। সে কারণে আগামী কয়েক দশক ধরে মার্কিন কেন্দ্রীয় বাজেটের ওপর এর প্রভাব থাকবে সুস্পষ্ট।

গবেষণার ফলাফলে আরো বলা হয়েছে- ইরাক ও আফগান যুদ্ধ হবে মার্কিন ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল যুদ্ধ এবং এ জন্য দেশের জনগণের ট্যাক্সের ৪ থেকে ৬ ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে।

২০০৩ সালে ইরাকে সামরিক আগ্রাসন চালায় মার্কিন ও ব্রিটিশ বাহিনী। এ আগ্রাসনে দশ লাখের বেশি ইরাকি নাগরিক মারা গেছে।#রেডিও তেহরান