বার্তা সংস্থা আবনা : সিরিয়া ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে আরব লীগ। আগামী বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। সিরিয়ার চলমান সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠানের আগ মুহূর্তে এ ধরনের বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। আরব লীগের শীর্ষ পর্যায়ের নেতা আহমাদ বেন-হিলি এ কথা জানিয়েছেন।
আলজেরিয়া, মিশর, ওমান, কাতার, সৌদি আরব এবং সুদানের পররাষ্ট্রমন্ত্রীরা এ বৈঠকে যোগ দেবেন। সিরিয়ার সমস্যা সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠানের বিষয়ে সম্প্রতি রাশিয়া ও আমেরিকা একমত হওয়ার পর আরব লীগ জরুরি বৈঠকে বসার কথা ঘোষণা করলো।
তবে, রুশ-মার্কিন আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ সিরিয়ার কথিত বিরোধীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে আলোচনার কোনো পক্ষ হিসেবে মেনে নিতে রাজি নয়। অন্যদিকে, আসাদ সরকারও বলেছে, বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি তবে যারা সহিংসতায় জড়িত তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না।